ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১২:৫৮:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১২:৫৮:৪৭ অপরাহ্ন
​প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের ​ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় আরও অভিযোজনক্ষম, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যতমুখী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে জটিল হয়ে ওঠা বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ পুলিশের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কারের ওপরও জোর দিয়েছে ঢাকা।

বুধবার (৮ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ৫ম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন-২০২৬-এ বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আগামী দিনের নিরাপত্তা চ্যালেঞ্জ গতকালের সক্ষমতা দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধচক্র দিন দিন আরও সংগঠিত ও আন্তঃসীমান্তভিত্তিক হয়ে উঠছে। এ বাস্তবতায় দক্ষ জনবল, বিশেষায়িত সক্ষমতা এবং উদ্ভাবনী কৌশলে আরও বেশি বিনিয়োগের প্রয়োজন রয়েছে।

তিনি জানান, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে দেশের পুলিশ বাহিনীকে আরও দক্ষ ও আধুনিক করে তুলতে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

বক্তব্যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দক্ষতা, অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলন বিনিময়ের জন্য ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাবও দেন তিনি।

এছাড়া জলবায়ু পরিবর্তনকে উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে পরিবেশ ও আইনশৃঙ্খলা বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং প্রস্তুতি জোরদারে প্রতিবছর ‘পরিবেশ ও পুলিশিং সম্মেলন’ আয়োজনের প্রস্তাব দেন সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র: ইউএনবি

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ