মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না: তথ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৮-০৭-২০২৬ ০৮:৩১:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৭-২০২৬ ০৮:৩২:০৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না।
তিনি বুধবার (৮ জুলাই) সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এ লক্ষ্যে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে অধিকতর শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য আইন সংশোধনের প্রস্তাব করা হইয়াছে। প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের ন্যায় সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা, মিথ্যা, হয়রানিমূলক ও নীতি-নৈতিকতা বিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ কার্যকর বিধান এবং গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য বা জাতীয় স্বার্থ বিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলের স্ব-প্রণোদিত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা অন্তর্ভুক্তির প্রস্তাব রয়েছে।
এছাড়া, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পৃথকভাবে মোবাইল জার্নালিস্টদের জন্য লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তনের বিষয়ে বর্তমানে সরকারের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি; তবে পরিবর্তিত বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় বিষয়টি পর্যালোচনা করা যেতে পারে।
সূত্র: বাসস
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স