আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি
তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে নামতে যাচ্ছে আর্জেন্টিনা
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৭-০৭-২০২৬ ১১:২৬:২২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৭-২০২৬ ১১:২৬:২২ পূর্বাহ্ন
ফাইল ছবি
কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল মিসর। মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচকে সামনে রেখে শুরুর একাদশ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনছেন এই বিশ্বকাপজয়ী কোচ।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি সরাসরি একাদশ ঘোষণা না করলেও গণমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য দল নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি জানান, দল ঠিক করা হয়ে গেছে, তবে এখনো খেলোয়াড়দের তা জানানো হয়নি। তাই আনুষ্ঠানিক ঘোষণাও দেয়া হয়নি। তবে সংবাদমাধ্যমে যে আলোচনা চলছে, সেটি বাস্তবতার কাছাকাছিই রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ এর দাবি, স্কালোনি ইতোমধ্যে তার সব সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাবে রক্ষণভাগে। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরছেন অভিজ্ঞ লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। তার অনুপস্থিতিতে কয়েকটি ম্যাচ খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ক্র্যাম্পে আক্রান্ত হওয়ার পর এবার তিনি জায়গা হারাচ্ছেন।
আক্রমণভাগেও আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে শুরুর একাদশে থাকা লাউতারো মার্টিনেজকে এবার বেঞ্চে বসতে হতে পারে। তার পরিবর্তে সুযোগ পাচ্ছেন হুলিয়ান আলভারেজ। বাঁ গোড়ালির চোটের কারণে টুর্নামেন্টের শুরুর ম্যাচগুলোতে খেলতে না পারলেও এখন পুরোপুরি সুস্থ এই ফরোয়ার্ড। জর্ডানের বিপক্ষে টাইব্রেকারে গোল করলেও শেষ ম্যাচে লাউতারোর পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। সেই কারণেই স্কালোনি আক্রমণে নতুন সমাধান খুঁজছেন বলে মনে করা হচ্ছে।
মাঝমাঠেও পরিবর্তনের ছাপ থাকবে। কেপ ভার্দের বিপক্ষে মিডফিল্ডের সমন্বয়ে ঘাটতি চোখে পড়েছিল। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে ইতিবাচক প্রভাব রাখা লিয়ান্দ্রো পারেদেস এবার শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন। তার অন্তর্ভুক্তির ফলে থিয়াগো আলমাদাকে বেঞ্চে বসতে হবে।
পারেদেসকে কেন্দ্রীয় মিডফিল্ডে খেলানোর পরিকল্পনা রয়েছে স্কালোনির। এতে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কিছুটা এগিয়ে খেলানো হবে, যেখানে তিনি এনজো ফার্নান্দেজের সঙ্গে আক্রমণ গড়ে তোলার দায়িত্বে আরও স্বাধীনতা পাবেন। রদ্রিগো ডি পলও মাঝমাঠে নিজের পরিচিত ভূমিকায় থাকবেন।
সবকিছু ঠিক থাকলে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হবে গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণে নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে থাকবেন হুলিয়ান আলভারেজ।
শেষ ষোলোর এই লড়াইয়ে জয় পেলেই টানা আরেকটি বিশ্বকাপ শিরোপার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে স্কালোনির দল। তাই কৌশলগত এই তিন পরিবর্তন কতটা কার্যকর হয়, সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের নজর।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স