ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তদারকির আওতায় আনতে হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৭:২৭:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৭:২৭:৫৬ অপরাহ্ন
​শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তদারকির আওতায় আনতে হবে: শিক্ষামন্ত্রী ​ছবি: সংগৃহীত
দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর তদারকির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৬ জুলাই) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এ ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে পাঠদান কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা সহজ হবে। পাশাপাশি একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গড়ে তোলারও প্রয়োজন রয়েছে, যেখান থেকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষের কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট এখনো অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। এ কারণে অনেক শিক্ষক ও শিক্ষার্থী সেগুলো ব্যবহার করতে অনাগ্রহী। তাই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে উৎসাহিত হন। শিক্ষার গুণগত মান উন্নয়নে দক্ষ ও যোগ্য শিক্ষক তৈরির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ