ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​ফ্যাসিস্ট সরকার কাজের চেয়ে চুরি করেছে বেশি: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৭:১৯:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৭:১৯:৪৭ অপরাহ্ন
​ফ্যাসিস্ট সরকার কাজের চেয়ে চুরি করেছে বেশি: মির্জা ফখরুল ​ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা দারিদ্র্য থেকে মুক্তি চাই। ফ্যাসিস্ট সরকার কাজের চেয়ে বেশি চুরি করেছে। দুর্নীতি হয়েছে চরমভাবে। প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা নষ্ট হয়েছে। বিআরডিবিকে মৃত করে রেখেছে বিগত সরকার।’

সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কারো ওপর নির্ভর করে নিজের অবস্থার পরিবর্তন করা যায় না। নিজের কাজ নিজেকেই করতে হবে। গ্রাম সরকার গঠন করলে নেতৃত্ব বিকশিত হবে। তৃণমূল থেকেই দুর্নীতিকে একেবারে ‘না’ বলতে হবে। নিজে ঠিক থাকলে অন্যকেও ঠিক করা যাবে। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ।’

মন্ত্রী বলেন, মানুষের আয়ের পথ না বাড়লে উন্নতি হবে না। বিআরডিবির মূল কাজ হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা, সংগঠিত করা, প্রশিক্ষণ দেওয়া এবং প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদিত পণ্যের বাজার তৈরি করা।

তিনি বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ, কম উন্নত; গ্রামে অনেক দরিদ্র মানুষ বাস করেন। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি খাল খনন করেছিলেন। বেগম খালেদা জিয়া আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসে নারীদের শিক্ষার উন্নয়নে কাজ শুরু করেছিলেন।

মন্ত্রী বলেন, কথা ও কাজের মিল না থাকায় সামনের দিকে অগ্রসর হওয়া কঠিন হচ্ছে। এখন দেশের বিভিন্ন স্থানে গিয়ে দেখি, রাস্তা-ঘাট ভাঙা, উন্নয়ন নেই। অথচ এলজিআরডিতে অনেক বাজেট ছিল। সেই টাকা কোথায় গেল? অর্থাৎ লুটপাট হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ বছর পর দেশে ফিরেই ঘোষণা করেছেন, বাংলাদেশকে পরিবর্তন করে উন্নত করতে চান। সে লক্ষ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন শুরু করেছেন। পরিবার থেকেই উন্নয়ন ও ক্ষমতায়নের সমন্বয় করেছেন।

মন্ত্রী বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ঋণ মওকুফের মতো কর্মসূচির মাধ্যমে উন্নত দেশ গড়ার কাজ এগিয়ে নিচ্ছে।’

তিনি আরও বলেন, দেশ গড়তে অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজেকে ভালো কাজে নিয়োজিত করতে হবে। কারও ওপর নির্ভর না করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নিজেদেরই উদ্যোগী হতে হবে।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ, নিকটবর্তী দেশ কিংবা দূরবর্তী কোনো দেশ—মার্কিন মুল্লুক থেকেও কেউ এসে বাংলাদেশের উন্নয়ন করে দিয়ে যাবে না। নিজেদেরই তা করতে হবে।

বক্তব্যে তিনি বলেন, অতীতে ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছে, আস্থার জায়গা নষ্ট করে গেছে। সেসব থেকে বের হয়ে অন্যের হক প্রতিষ্ঠায় কাজ করতে হবে। এজন্য সমবায়কে নতুন করে গড়ে তুলতে হবে।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ