ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০৪:১৪:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৪:১৪:৪৩ অপরাহ্ন
বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি : সংগৃহীত
‘শিক্ষা, গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পর ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্যদ্বয়, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক এবং বিভিন্ন অনুষদ ও আবাসিক হলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সিনেট ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে সিনেট ভবনে আলোচনা সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস, বিভিন্ন গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনে এর ভূমিকা এবং একাডেমিক অর্জন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে তিনি সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের এবং শহীদ ড. শামসুজ্জোহার প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিসরে আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ চলছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোকসজ্জা না করার বিষয়ে উপাচার্য বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে এবার আলোকসজ্জা করা হয়নি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকী, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ