ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়ালো
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৭-২০২৬ ০৩:৪৯:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৭-২০২৬ ০৫:৪৬:২০ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের কারণে ২২ জুন থেকে শুরু হওয়া সপ্তাহে মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়েছে। দেশটির জনস্বাস্থ্য সংস্থা পাবলিক হেলথ ফ্রান্স শুক্রবার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, ওই সপ্তাহে ২ হাজার ২৫ জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্যারিস অঞ্চলে, যেখানে মৃত্যুর সংখ্যা ৬২ শতাংশ বেড়েছে। এ ছাড়া পে দ্য লা লোয়ার অঞ্চলেও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এদিকে তাপপ্রবাহ মোকাবেলায় সরকারের প্রস্তুতি ও পদক্ষেপ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিরোধী গ্রিনস দল সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও জমা দিয়েছে।
গত জুনে ফ্রান্সে টানা প্রায় ১১ দিন রেকর্ড-ভাঙা তাপপ্রবাহ চলেছে। এ সময় দেশের অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছিল।
এর আগে ২০০৩ সালের তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল, যাদের মধ্যে অনেকেই ছিলেন বয়স্ক।
তবে স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেছেন, এবারের পরিস্থিতি ২০০৩ সালের মতো ভয়াবহ হবে বলে তিনি মনে করেন না। প্যারিসের সরকারি হাসপাতাল ব্যবস্থার প্রধান নিকোলাস রেভেল বলেন, এবারের তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা ২০০৩ সালের তুলনায় কম হতে পারে, তবে গত বছরের তুলনায় বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স