গ্রাহকের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-০৭-২০২৬ ০৭:৫১:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৭-২০২৬ ০৭:৫৩:৪৯ অপরাহ্ন
জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ এবং লোডশেডিং নিয়ে মতবিনিময়সভা করেছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, সারাদেশের জেলা প্রশাসক ও বিদ্যুৎ বিতরণী কোম্পানিগুলোর কর্তাব্যক্তিরা যুক্ত ছিলেন।
সভায় অস্বাভাবিক বিলের কারণ উদঘাটন, লোডশেডিং নিয়ে মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা আলোচনা হয়। একই সঙ্গে সোলার সিস্টেমে নেট মিটার স্থাপনের সর্বশেষ হালনাগাদ অবস্থা তুলে ধরা হয়। এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।
সভাসূত্রে জানা যায়, সারাদেশে বিদ্যুৎগ্রাহকদের একটি বড় অংশ জুন মাসে অতিরিক্ত বিল পেয়েছেন, এমন অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। এ বিষয়ে বিতরণী কোম্পানিগুলোর প্রধানদের কাছ থেকে কারণ জানতে চেয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে সভায় বিষয়গুলো তদন্ত করে দ্রুত সমাধানের নির্দেশ ও গ্রাহকসেবার মানোন্নয়নে জোর দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত একটি সূত্র জানায়, লোডশেডিংয়ের কারণে বিশ্বকাপ ফুটবল দেখতে না পেরে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বিদ্যুৎ বিতরণী কোম্পানির অফিস ও বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। সেই সঙ্গে বিদ্যুৎ অফিসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।
বিদ্যুৎ সচিব বিকাল চারটায় তাঁর দপ্তর থেকে জুম মিটিংয়ে যুক্ত হন। সভা চলে সন্ধ্যা পর্যন্ত।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স