ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​পূর্বাচলকে পুরোপুরি ঢাকা জেলার আওতায় নিচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৬:২২:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৬:২২:২১ অপরাহ্ন
​পূর্বাচলকে পুরোপুরি ঢাকা জেলার আওতায় নিচ্ছে সরকার ​ছবি: সংগৃহীত
রাজধানীর পাশের পূর্বাচল নতুন শহর প্রকল্পকে সম্পূর্ণভাবে ঢাকা জেলার প্রশাসনিক সীমানার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনিক জটিলতা দূর করতে নেওয়া এই সিদ্ধান্তে প্রকল্পের পুরো এলাকা এখন একক জেলার আওতায় পরিচালিত হবে।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, সভায় নতুন তিনটি উপজেলা গঠনসহ মোট ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে পাঁচটি প্রস্তাব অনুমোদন পেয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের অধিকাংশ এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং বাকি অংশ গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত। ফলে তিন জেলার সঙ্গে প্রশাসনিক সমন্বয় করতে গিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছিল। এ সমস্যা সমাধানের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অধীনে আনার প্রস্তাব দেয়, যা নিকার সভায় অনুমোদিত হয়েছে।

এ ছাড়া বৈঠকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার মুরাদনগরের ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন তিনটি উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।

একই সভায় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাবেও সম্মতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, সড়ক ও জনপথ অধিদপ্তরের পুনর্গঠনের অংশ হিসেবে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ এই পাঁচটি সড়ক বিভাগ নিয়ে বগুড়ায় একটি পৃথক সড়ক জোন গঠনের প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হলেও তা অনুমোদিত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিকারের এখতিয়ারভুক্ত নয়। তাই প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় নিজস্ব প্রক্রিয়ায় নেবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ