এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, প্রাণ গেল সাতজনের
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০৭-২০২৬ ০৩:৫২:২২ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৭-২০২৬ ০৩:৫২:২২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ভারতের রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাস ও ট্রেইলারের সংঘর্ষের পর আগুন লেগে সাতজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুন) রাত আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে যাচ্ছিল। প্রথমে একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা লাগে, এরপর দুটি যানবাহনেই আগুন ধরে যায়।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসের ওপরের তলার যাত্রীরা নিচে ছিটকে পড়েন। এ সময় পাঁচজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে এবং দুজন মাথায় আঘাত পেয়ে মারা যান। আহতদের অধিকাংশ নারী ও শিশু। তাদের দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনে এবং যাত্রীদের উদ্ধার করে। তবে স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকারী দল ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।
এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশের ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়েছিলেন। বাসটির অতিরিক্ত গতিকেও সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্থানীয়দের দাবি, বাসটির মালামাল রাখার অংশে সিগারেটের প্যাকেট ভর্তি ছিল, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। আহতদের পরিচয় শনাক্তের কাজও চলছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স