ফিফার বিশ্বকাপ পেজে বাংলাদেশের গান
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০৭-২০২৬ ০৩:৩১:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৭-২০২৬ ০৩:৩১:২৩ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা ভাষার একটি অনুপ্রেরণামূলক গানের লাইন এবার জায়গা করে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের অফিশিয়াল প্ল্যাটফর্মে। ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ফেসবুক পেজে ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাসেমিরোর প্রত্যাবর্তনকে তুলে ধরতে ব্যবহার করা হয়েছে বহুল পরিচিত লাইন—‘যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে’।
মঙ্গলবার (বাংলাদেশ সময়) বিকেল ৩টা ৫২ মিনিটে প্রকাশিত পোস্টটিতে কোনো অনুবাদ ছাড়াই বাংলা ভাষাতেই লাইনটি ব্যবহার করা হয়। ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর বার্তা দেওয়া সেই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে ৭৫ হাজারের বেশি প্রতিক্রিয়া, প্রায় আড়াই হাজারেরও বেশি মন্তব্য এবং দেড় হাজারেরও বেশি শেয়ার জমা পড়ে।
বিশ্বমঞ্চে নিজের লেখা গানের এমন ব্যবহার দেখে আবেগাপ্লুত হয়েছেন গীতিকার আসিফ ইকবাল।
ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি স্মরণ করেন, ২০০৪ সালে ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার জন্য গানটি লিখেছিলেন তিনি। এতে সুর করেছিলেন নকীব খান। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন আইয়ুব বাচ্চু, পার্থ বড়ুয়া, কনকচাঁপা, বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নীসহ একাধিক শিল্পী।
স্ট্যাটাসে আসিফ জানান, গানটি লেখার সময় তিনি কখনো ভাবেননি এটি একদিন কোটি মানুষের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবে।
তার বিশ্বাস ছিল, হয়তো কিছু মানুষ গানটি শুনবে, গুনগুন করবে কিংবা কঠিন সময়ে সাহস পাবে। কিন্তু সময়ের সঙ্গে গানটি মানুষের জীবনের নানা প্রেক্ষাপটে নতুন অর্থ খুঁজে নিয়েছে।
তিনি জানান, গানটির লাইন দেশের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। জাতীয় সংসদ থেকে শুরু করে খেলাধুলার মাঠ, সভামঞ্চ, সংকট কিংবা বিজয়ের মুহূর্ত—নানা উপলক্ষে এটি উচ্চারিত হয়েছে। পরে এই গানের জনপ্রিয়তা থেকেই নিজের একটি বইয়ের নামও রাখেন ‘যদি লক্ষ্য থাকে অটুট’।
তবে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল পেজে নিজের লেখা দেখতে পাবেন, এমন কল্পনাও কখনো করেননি বলে জানিয়েছেন এই গীতিকার।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আল্লাহর পরিকল্পনা আমার কল্পনার চেয়ে অনেক বড়। আজ সেই একই লাইন ফিফা বিশ্বকাপের অফিশিয়াল পেজে। আমার প্রিয় খেলোয়াড় কাসেমিরোর ছবিসহ ব্রাজিলের ফিরে আসার গান হিসেবে। বাংলায়। কোনো অনুবাদ ছাড়া। পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল মঞ্চে।’
তিনি আরো লিখেছেন, ‘একটা লাইন। গান থেকে সংসদে। সংসদ থেকে বইয়ের নামে। বই থেকে ফিফার পেজে। প্রতিটা ধাপে আমি শুধু দিয়ে গেছি। কোনো দিন ভাবিনি, কোথায় কী পৌঁছাবে।’
এই স্বীকৃতিকে নিজের একার অর্জন হিসেবে দেখতে নারাজ আসিফ ইকবাল। বরং এটি বাংলা ভাষা ও বাংলাদেশের সম্মান বলেই মনে করেন তিনি। স্ট্যাটাসের শেষাংশে তিনি লিখেছেন, ‘এই অর্জন আমার না। এ অর্জন বাংলাদেশের। বাংলা ভাষার। চট্টগ্রামের একটা ছেলে একদিন একটা লাইন লিখেছিল। সে লাইন আজ বিশ্বমঞ্চে। কারণ ছোট দেশের ছোট মানুষের কথাও একদিন পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চে পৌঁছায়। শুধু লক্ষ্য থাকতে হয় অটুট।’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স