ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খেলার সময় লোডশেডিং, ক্ষোভে বিদ্যুৎ অফিস ভাঙচুর

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৭-২০২৬ ১২:০২:২০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৭-২০২৬ ১২:১৮:৩১ অপরাহ্ন
খেলার সময় লোডশেডিং, ক্ষোভে বিদ্যুৎ অফিস ভাঙচুর ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের শাল্লায় লোডশেডিংয়ের কারণে ব্রাজিলের ফুটবল ম্যাচ দেখতে না পেরে পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে ঘটনাটি ঘটে উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে অবস্থিত পল্লী বিদ্যুতের সাবস্টেশনে।

পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা জানায়, সংশ্লিষ্ট এলাকায় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় লোডশেডিং দেওয়া হয়। ব্রাজিলের ম্যাচ শুরুর প্রায় ৩০ মিনিট পরও বিদ্যুৎ না ফেরায় ক্ষুব্ধ কিছু মানুষ সাবস্টেশনের সামনে জড়ো হয়ে হট্টগোল করেন। একপর্যায়ে কয়েকজন ইট-পাটকেল নিক্ষেপ করলে কার্যালয়ের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে পরিস্থিতি শান্ত হলে তারা সেখান থেকে চলে যান।

স্থানীয় ওয়ার্ড সদস্য বাবলু রায় জানিয়েছেন, ব্রাজিলের খেলা ঘিরে মানুষের ব্যাপক আগ্রহ ছিল। কিন্তু বিদ্যুৎ না থাকায় অনেকে খেলা দেখতে পারেননি। পরে বিদ্যুৎ কার্যালয়ে ঝামেলার খবর পেয়ে তিনি সেখানে যান। তবে তখন কার্যালয়ের কর্মচারীদের ছাড়া অন্য কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

দিরাই-শাল্লা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গিয়াস উদ্দীন জানিয়েছেন, খেলার সময় বিদ্যুৎ না থাকায় ৭০ থেকে ৮০ জনের একটি দল কার্যালয়ে এসে ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

শাল্লা থানার ওসি রোকিবুজ্জামান জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। কার্যালয়ের কয়েকটি জানালার কাচ ভাঙচুর হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার পরই তিনি ওসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানান। পুলিশকে বিদ্যুৎ কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।তিনি আরও জানান, ফুটবল নিয়ে মানুষের আবেগ অনেক বেশি। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশি থাকায় খেলা দেখতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
 
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ