ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অতীতে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিত, তারা এখন বিএনপি সেজেছে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০২:০৪:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০২:০৪:০৯ অপরাহ্ন
অতীতে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিত, তারা এখন বিএনপি সেজেছে: শিক্ষামন্ত্রী ছবি : সংগৃহীত
অতীতে যারা শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে, তারা এখন বিএনপি সাজছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তাই জাতির কাছে দায়বদ্ধতা আছে।

‎রোববার (২৮ জুন) সকালে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে যারা ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে এসএসসি ও এইচএসসি পাস করেছেন তাদের অনেকে বর্তমানে ভালো অবস্থানে রয়েছেন।

শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। প্রশ্নপত্র ফাঁস হবে না। কেউ যদি বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য ছড়ায়, নতুন আইনের আওতায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পরীক্ষায় নকল বন্ধের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এটি শুধু হেলিকপ্টার বা অভিযান চালিয়ে সম্ভব হয়নি। এবার প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থার কারণে নকল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আর সিসিক্যামেরার মাধ্যমে পরীক্ষাকেন্দ্রগুলো ডিজিটালি পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিক্ষক সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ সংকট গত তিন মাসে তৈরি হয়নি, এটি দীর্ঘদিনের সমস্যা।

শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ২ জুলাই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। জুলাইয়ের পর শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

এ সময় ডিজি অফিসে বসে দালালি করার দিন আর নেই বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে, শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের অর্থ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, বিগত সরকারের সময়ে সেখানে বড় ধরনের অনিয়ম হয়েছে।

কারিগরি শিক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে টিভিইটি (টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং) যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড যদি একসঙ্গে প্রশ্নপত্র তৈরি করতে পারে, তাহলে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডও আগামীতে সাধারণ বিষয়ের অভিন্ন প্রশ্নপত্র প্রণয়নে যুক্ত হবে।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ