বিশ্বকাপের উন্মাদনা বাড়াতে আসছে সঞ্জয়-নোরার নতুন গান ‘চ্যাম্পিয়ন’
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৮-০৬-২০২৬ ১২:০৭:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৬-২০২৬ ১২:০৭:৫১ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
‘সির সির’ পর আবারও খেলার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক -সংগীত পরিচালক সঞ্জয় দেব ও বলিউড তারকা নোরা ফাতেহি। এবার তাদের নতুন গানের শিরোনাম ‘চ্যাম্পিয়ন’।
মাত্র দুই সপ্তাহ আগে বিশ্বকাপের অফিশিয়াল গান ‘সির সির’ দিয়ে বাজিমাত করেন সঞ্জয়-নোরা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে এ জুটি। সেই রেশ কাটতে না কাটতেই বিশ্বকাপের উন্মাদনা বাড়াতে নতুন গান নিয়ে আসছেন তারা।
নতুন গানটি প্রসঙ্গে সঞ্জয় বলেন,‘চ্যাম্পিয়ন’ শুধু একটি খেলার গান নয়; এটি জীবনের যেকোনো ক্ষেত্রে বিজয়, আত্মবিশ্বাস এবং অর্জনকে উদ্যাপনের বার্তা বহন করবে।
সঞ্জয় আরও বলেন, আমরা চাই মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক। ‘চ্যাম্পিয়ন’ সবাইকে সেই ইতিবাচক শক্তি ও বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।
এদিকে গানটি প্রকাশের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি নোরা ফাতেহি একটি পোস্টে লেখেন,
বন্ধুরা, তোমরা সবাই চ্যাম্পিয়নের জন্য প্রস্তুত তো?
নোরার এমন পোস্টের পর ভক্তদের মধ্যে গানটি নিয়ে আগ্রহ বাড়ছে।
‘চ্যাম্পিয়ান’ গানের কথা, সুর এবং সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন সঞ্জয় দেব। পাশপাশি গানটিতে নোরার সঙ্গে কণ্ঠও দিয়েছেন। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে।
প্রায় দুই মাস সময় নিয়ে তৈরি করা হয়েছে ‘চ্যাম্পিয়ন’-এর কাজ। জানজিবারের নৈসর্গিক সমুদ্রসৈকত ও মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ভরা স্থানে দুই দিনের সফরে এক দিনেই ভিডিওর পুরো শুটিং শেষ করা হয়।
প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে সঞ্জয়, নোরা ও জানজিবারের স্থানীয়দের উপস্থিতিতে গানের ভিডিওটি ভিন্ন মাত্রা পেয়েছে। নেটদুনিয়ায় ইতিমধ্যে গানটির প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। পুরো গানটি আগামী ২৯ জুন প্রকাশিত হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স