আর্জেন্টিনার জয়ে কুমিল্লার টাউন হল মাঠে হাজারো সমর্থকের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৮-০৬-২০২৬ ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৮-০৬-২০২৬ ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে নকআউট পর্বে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রবিবার (২৮ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে কুমিল্লা নগরীতে ছিল উৎসবের আবহ। প্রিয় দলের খেলা উপভোগ করতে নগরীর টাউন হল মাঠে জড়ো হন কয়েক হাজার আর্জেন্টিনা সমর্থক। বড় পর্দায় ম্যাচ সম্প্রচারের আয়োজন করা হলে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় বিশ্বকাপের আমেজ।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা দারুণ ছন্দে খেলতে থাকে। ১৯তম মিনিটে জিওভান্নি লো সেলসো ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩১তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে মুসা আল-তামারি জর্ডানের হয়ে একটি গোল শোধ করলেও ম্যাচের ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের ৮০তম মিনিটে নিজের স্বভাবসুলভ নিখুঁত ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনার ৩-১ গোলের জয় নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন ইতিহাসও গড়েন মেসি।
কুমিল্লার টাউন হল মাঠে ম্যাচ শুরুর অনেক আগ থেকেই সমর্থকদের ভিড় জমতে শুরু করে। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি, জাতীয় পতাকা এবং প্রিয় খেলোয়াড়দের ছবি নিয়ে নানা বয়সের সমর্থকেরা মাঠে উপস্থিত হন। প্রতিটি আক্রমণ, নিখুঁত পাস কিংবা গোলের সুযোগ তৈরি হলেই করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। তিনটি গোলের প্রতিটিতেই আনন্দধ্বনি ও স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।
বিশেষ করে মেসির ফ্রি-কিক থেকে করা গোলটি বড় পর্দায় দেখার পর সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকে মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করেন, আবার কেউ আনন্দে নেচে-গেয়ে বিজয় উদযাপন করেন। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই 'মেসি, মেসি' এবং 'আর্জেন্টিনা' স্লোগানে মুখর হয়ে ওঠে টাউন হল মাঠ।
খেলা শেষে টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, অনেকেই প্রিয় দলের জার্সি পরে অংশ নেন। বিজয় উদযাপনের নানা আয়োজনে মুখর হয়ে ওঠে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা।
খেলা দেখতে আসা সমর্থক মোঃ ইয়াছিন বলেন, আর্জেন্টিনার প্রতিটি জয়ই তাদের কাছে উৎসবের উপলক্ষ। তাই প্রিয় দলের সাফল্যকে একসঙ্গে উদযাপন করতেই তারা বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি বিজয় মিছিলের আয়োজন করেন।
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স