ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশ্বিক সহায়তার আহ্বান

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে তাহসান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ১২:১৮:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ১২:১৮:৩০ অপরাহ্ন
কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে তাহসান ছবি : সংগৃহীত
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)–এর শুভেচ্ছাদূত তাহসান খান বৃহস্পতিবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। সফরকালে তিনি রোহিঙ্গা তরুণদের সঙ্গে তাদের শিক্ষা, ভবিষ্যৎ, চ্যালেঞ্জ ও আশা–আকাঙ্ক্ষা নিয়ে মতবিনিময় করেন।

পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দানকারী জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
তাহসান খান শিবিরে দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন রোহিঙ্গা তরুণের সঙ্গেও কথা বলেন। তরুণেরা জানান, দীর্ঘদিন বাস্তুচ্যুত জীবন, নিরাপত্তাজনিত ঝুঁকি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেও তারা শিক্ষা ও বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। এসব প্রশিক্ষণ তাদের ব্যবহারিক দক্ষতা অর্জনে সহায়তা করছে এবং একদিন নিজ দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হতে ভূমিকা রাখছে।

তাহসান খান বলেন, ‘এই তরুণদের দৃঢ়তা ও অদম্য মানসিকতা সত্যিই অনুপ্রেরণাদায়ক। বছরের পর বছর বাস্তুচ্যুত জীবন কাটিয়েও তারা স্বপ্ন দেখছেন, শিখছেন এবং একটি ভালো ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘আজ যেসব তরুণের সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের অনেকেই জীবনের বেশির ভাগ সময় শরণার্থী হিসেবে কাটিয়েছেন। তবু তারা শিখছেন, নতুন কিছু তৈরি করছেন এবং ভবিষ্যতের স্বপ্ন দেখছেন।

শুধু আশা থাকলেই হবে না, তাদের দক্ষতা অর্জনের সুযোগও নিশ্চিত করতে হবে, যাতে একদিন তারা নিজেদের সমাজ পুনর্গঠনে ভূমিকা রাখতে পারেন।’
 
বর্তমানে বাংলাদেশে মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের মুখে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন। নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি না হওয়ায় শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং তরুণদের সম্পৃক্ততায় বিনিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

তাহসান খান রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ‘আজ যেসব রোহিঙ্গা মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, তারা এখনো একদিন নিজের দেশে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছেন। তাই আন্তর্জাতিক সম্প্রদায়েরও তাদের পাশে থাকা জরুরি।
 
বাংলাস্কুপ/ প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ