ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় বৈঠক শুরু

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০৪:৫৮:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০৪:৫৮:১৮ অপরাহ্ন
​বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় বৈঠক শুরু ​ছবি: সংগৃহীত
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৫টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপল’ এ বৈঠক বসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন চীনের প্রধানমন্ত্রী।

এ বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন—পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন।

বৈঠকের পরে গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভোজসভা আয়োজন করবেন লি কিয়াং।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন ‘তিয়াওইউথাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হল অব পিপলে পৌঁছান। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো নহয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে রোববার (২১ জুন) মালয়েশিয়া যান। ওই সফরের আনুষ্ঠানিকতা সেরে সোমবার (২২ জুন) তিনি পৌঁছান চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে।

সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বুধবার (২৪ জুন) বিকালে তারেক রহমানের বেইজিংয়ে পৌঁছানোর মধ্য দিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু হয়।

শুক্রবার (২৬ জুন) গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ