জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৫-০৬-২০২৬ ১১:৩২:৫৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-০৬-২০২৬ ১২:৩৪:১১ অপরাহ্ন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ছবি: সংগৃহীত
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট নিজেই এ ঘোষণা দিয়েছেন।
ভূমিকম্পে বহুসংখ্যক মানুষ হতাহত হয়েছে বলে ভাষণে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট। তবে তিনি এর সংখ্যা উল্লেখ করেননি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
এর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএস-এর মতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে; এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।
ভূমিকম্পের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ডেলসি রদ্রিগেজ। এ সময় তার পাশে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং জাতীয় পরিষদের প্রধান ও তার ভাই হোর্হে রদ্রিগেজ। ভাষণে তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন।
এ ছাড়া, জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব তদারকির জন্য তিনি একজন জেনারেলকে নিয়োগ দেন।
ভাষণে রদ্রিগেজ ভেনেজুয়েলার জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন, তবে কতজন প্রাণ হারিয়েছেন সে বিষয়ে কোনো সংখ্যা উল্লেখ করেননি।
সূত্র: বিবিসি
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স