ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে দুটি অজগর উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০১:২৯:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০১:২৯:৫৩ অপরাহ্ন
শ্রীমঙ্গলে দুটি অজগর উদ্ধার ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি স্থান থেকে দুই দিনে দুটি অজগর উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ জুন) উপজেলার বরুণা হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের আওয়াল মিয়ার বাড়ির পুকুরে মাছ ধরার সময় হঠাৎ মাছের জালে একটি সাপ আটকা পড়ে। সাপটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হন। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করা হয়।

পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, একটি অজগর। এ সময় বাড়ির লোকজন জানান, বেশ কয়েকদিন ধরে তাদের বাসা থেকে কবুতর ও হাঁসসহ বিভিন্ন গৃহপালিত প্রাণী রহস্যজনকভাবে নিখোঁজ হচ্ছিল। তারা ধারণা করেছিলেন, বনবিড়াল কিংবা শিয়াল প্রাণীগুলো নিয়ে যাচ্ছে। তবে অজগরটি উদ্ধারের পর তারা বুঝতে পারেন, সাপটিই এসব প্রাণী খেয়ে ফেলেছিল।

এলাকাবাসী জানায়, শনিবার দুপুর প্রায় ২টার দিকে উপজেলার কাকিয়াবাজার এলাকার তপু দেবনাথের বাড়ির সামনের একটি ফসলি জমিতে মাছ ধরতে গিয়ে স্থানীয়রা একটি অজগর দেখতে পান। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে তাঁরা গিয়ে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন। পরে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাপগুলো বনে অবমুক্ত করা হয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ