ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রিজার্ভ চুরি: গণমাধ্যমের খবর সিআইডির আনুষ্ঠানিক বক্তব্য নয়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০২:৫০:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৪:০৯:২১ অপরাহ্ন
রিজার্ভ চুরি: গণমাধ্যমের খবর সিআইডির আনুষ্ঠানিক বক্তব্য নয়
বাংলাদেশ ব্যাংকের বহুল আলোচিত রিজার্ভ চুরি মামলার তদন্ত এবং খসড়া চার্জশিট নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের স্পষ্টীকরণ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

সিআইডি জানিয়েছে, গণমাধ্যমে কর্মকর্তাদের বরাতে যে খসড়া চার্জশিটের তথ্য প্রকাশ করা হয়েছে, তা সিআইডির কোনো কর্মকর্তা প্রদান করেননি।  

শুক্রবার (১৯ জুন) সিআইডির মিডিয়া উইং থেকে পাঠানো বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিভ্রান্তি এড়ানোর অনুরোধ

বিজ্ঞপ্তিতে সিআইডি উল্লেখ করেছে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত রিজার্ভ চুরি মামলার তদন্ত-সংক্রান্ত প্রতিবেদনটি তাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনে সিআইডির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে খসড়া চার্জশিট বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তার সাথে সিআইডির আনুষ্ঠানিক অবস্থানের কোনো মিল নেই। তাই উক্ত বক্তব্যসমূহকে সিআইডির আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে গণ্য না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।  

তদন্ত শেষে জানানো হবে বিস্তারিত

সিআইডি জানিয়েছে, মামলাটি এখনো অত্যন্ত গুরুত্বের সাথে তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থেই এই মুহূর্তে মামলার কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।  

তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।  
প্রতিবেদন দাখিলের পর সিআইডি নিজেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে হালনাগাদ তথ্য অবহিত করবে।  

সিআইডির আহ্বান

রিজার্ভ চুরি মামলার মতো সংবেদনশীল বিষয়ের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সিআইডির আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি কিংবা অনুমোদিত মুখপাত্রের বক্তব্য অনুসরণ করার জন্য গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে। সিআইডি সম্পূর্ণ পেশাদারিত্ব ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রাখবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ