ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিজ বাঁচানোর লক্ষ্যে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১২:৩১:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১২:৩১:০৫ অপরাহ্ন
সিরিজ বাঁচানোর লক্ষ্যে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ ফাইল ছবি
সিরিজ বাঁচানোর ম্যাচে নতুন করে সাজছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ায় আজকের দ্বিতীয় ম্যাচটি তাই টাইগারদের জন্য কার্যত ‘বাঁচা-মরার লড়াই’। চট্টগ্রামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে হার মানেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে, আর জিতলে ফিরবে সমতা।

দলের একাদশে পরিবর্তন প্রায় নিশ্চিত বলেই জানা গেছে। সবচেয়ে বড় পরিবর্তনটি আসতে পারে পেস আক্রমণে। প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় বাইরে চলে যেতে পারেন শরিফুল ইসলাম ও আবদুল গাফফার সাকলাইন। তাদের জায়গায় একাদশে ফিরতে পারেন নাহিদ রানা এবং তাসকিন আহমেদ। ফলে পেস ইউনিটে বাড়তি গতি ও অভিজ্ঞতা যোগ করার পরিকল্পনাই স্পষ্ট হয়ে উঠছে।

অধিনায়কত্ব নিয়েও থাকছে অনিশ্চয়তা। নিয়মিত অধিনায়ক লিটন দাস ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে ছিটকে গেছেন। তাই সিরিজের বাকি ম্যাচে নেতৃত্বে দেখা যেতে পারে তাওহিদ হৃদয়কে। ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও পারফরম্যান্স বাড়ানোর চাপ থাকবে ওপেনার ও মিডল অর্ডারের ওপর।

ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ওপর শুরুটা ভালো করার দায়িত্ব থাকবে। তিন নম্বরে সৌম্য সরকারের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকছে। মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়কে ইনিংস গুছিয়ে নেয়ার পাশাপাশি রান তোলার গতি বাড়াতে হবে। ফিনিশিংয়ে শামীম হোসেন পাটোয়ারীর কার্যকর ভূমিকা এখন দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বোলিং বিভাগেই বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা। বিশেষ করে স্পিন ইউনিটে রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান ধারাবাহিকভাবে ভালো করছেন। পাওয়ারপ্লে ও ডেথ ওভারে মেহেদীর কার্যকারিতা দলকে বাড়তি সুবিধা দিচ্ছে, আর রিশাদের লেগ স্পিন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। পেস আক্রমণে নতুন সংযোজন আসলে সেটি আরও ভারসাম্য আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে আত্মবিশ্বাসে টগবগে অস্ট্রেলিয়া এই ম্যাচেও শক্তিশালী দল নিয়েই নামছে। মিচেল মার্শের নেতৃত্বে তাদের ব্যাটিং ও বোলিং দুই বিভাগই ছন্দে রয়েছে। টি-টোয়েন্টি স্পেশালিস্ট টিম ডেভিড, পাশাপাশি জোয়েল ডেভিস ও বিগ ব্যাশে আলো ছড়ানো তরুণরা দলকে আরও গভীরতা দিয়েছে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের উইকেট সাধারণত রানপ্রসবা হলেও প্রথম ম্যাচে ব্যাটারদের কিছুটা সংগ্রাম করতে হয়েছে। ধীরগতির সেই উইকেটে রান তোলা সহজ ছিল না, ফলে ম্যাচে বোলারদের প্রভাব ছিল বেশি।

বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে তাই চাপ দু’দলের ওপরই। তবে বাংলাদেশ দলের জন্য সমীকরণ সহজ, জিততেই হবে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিজেদের সেরাটা দিতে পারলেই সিরিজে টিকে থাকার সুযোগ থাকবে, নইলে আরেকটি হারের সঙ্গে শেষ হয়ে যাবে লড়াই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, আবদুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা/তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ