শুধু পোস্ট করেই ফেসবুক থেকে আয় ৩ হাজার ডলার!
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-০৬-২০২৬ ০১:২৭:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৬-২০২৬ ০১:২৭:২৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
ফেসবুকে শুধু কনটেন্ট পোস্ট করেই মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত আয় করার সুযোগ তৈরি করেছে মেটা। কনটেন্ট নির্মাতাদের প্ল্যাটফর্মে আরও সক্রিয় করতে প্রতিষ্ঠানটি ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামের একটি বিশেষ কর্মসূচি চালু করেছে। তবে এই সুবিধা সবার জন্য নয় এবং এটি নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য।
এই কর্মসূচির আওতায় ১ লাখের বেশি ফলোয়ার থাকা নির্মাতারা মাসে প্রায় ১ হাজার ডলার এবং ১০ লাখ বা তার বেশি ফলোয়ার থাকা নির্মাতারা মাসে প্রায় ৩ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারেন। তবে এই আয়ের নিশ্চয়তা শুধুমাত্র প্রথম তিন মাসের জন্য প্রযোজ্য।
প্রোগ্রামে অংশ নিতে হলে প্রতি ৩০ দিনে অন্তত ১৫টি রিলস বা স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্রকাশ করতে হবে। পাশাপাশি মাসে কমপক্ষে ১০টি ভিন্ন দিনে কনটেন্ট আপলোড করা বাধ্যতামূলক। কনটেন্ট অবশ্যই মৌলিক হতে হবে। তবে একই ভিডিও অন্য কোনো প্ল্যাটফর্মে প্রকাশিত থাকলেও সেটি গ্রহণযোগ্য হবে।
ভিডিও কনটেন্টের জনপ্রিয়তা বাড়তে থাকায় মেটা ফেসবুক রিলস নির্মাতাদের আরও উৎসাহিত করতে এই উদ্যোগ নিয়েছে। এ ছাড়া নতুন অ্যানালিটিক্স টুল যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে নির্মাতারা সহজেই তাদের আয়ের উৎস ও পরিমাণ সম্পর্কে জানতে পারবেন।
গত কয়েক বছরে অনেক কনটেন্ট নির্মাতা ইউটিউব ও টিকটকের দিকে ঝুঁকে পড়েছেন। তাদের আবার ফেসবুকে ফিরিয়ে আনতে মেটা আর্থিক প্রণোদনা এবং অ্যালগরিদমভিত্তিক সহায়তার মতো নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০২৫ সালে বিশ্বজুড়ে কনটেন্ট নির্মাতাদের প্রায় ৩০০ কোটি ডলার পরিশোধ করেছে মেটা, যার বড় অংশ এসেছে রিলস থেকে।
বিশ্লেষকদের মতে, এসব উদ্যোগের ফলে ফেসবুক ভবিষ্যতে ভিডিও কনটেন্টভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স