দক্ষিণ আফ্রিকার থেম্বা বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১৮-০৬-২০২৬ ১১:৩২:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৮-০৬-২০২৬ ১২:৩৪:২৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার খেসারত ভালোভাবেই দিতে হচ্ছে থেম্বা জোয়ানেকে। দক্ষিণ আফ্রিকার এই মিডফিল্ডারের শাস্তি বাড়িয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। বুধবার (১৭ জুন) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
গত বৃহস্পতিবার মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের শেষ দিকে মেক্সিকান ডিফেন্ডার রবার্তো আলভারাডোর মুখে আঘাত করায় লাল কার্ড দেখেন জোয়ানে। আজতেকা স্টেডিয়ামের সেই ম্যাচে ২-০ ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা। জোয়ানের আগে তাদের আরেক মিডফিল্ডার স্পেফেলো সিথোলে লাল কার্ড পাওয়ায় শেষ পর্যন্ত ৯ জন নিয়ে খেলা শেষ করতে হয়েছিল আফ্রিকান দলটিকে।
৩৬ বছর বয়সী জোয়ানে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাত্র ২০ মিনিটের মাথায় এই ঘটনা ঘটে। মেক্সিকোর ডি-বক্সের লাইনে আলভারাডোকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। দুজনের হালকা ধাক্কাধাক্কির একপর্যায়ে জোয়ানের হাত আলভারাডোর মুখে লাগলে ব্রাজিলের রেফারি উইল্টন সাম্পাইও ভিএআর দেখে তাকে লাল কার্ড দেখান। রেফারির এই সিদ্ধান্তে তখন বেশ হতভম্ব দেখায় জোয়ানেকে।
ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রোস প্রথম লাল কার্ডটি মেনে নিলেও জোয়ানের বিদায়টি নিয়ে আপত্তি তুলেছেন। প্রথম কার্ডের প্রসঙ্গে তিনি বলেন, 'প্রথম লাল কার্ডটি মেনে নিতেই হবে। ওদের খেলোয়াড় একা গোলের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং ইয়াইয়া (সিথোলে) তাকে ফাউল করেন। এটা পরিষ্কার।'
তবে দ্বিতীয় লাল কার্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্রোস বলেন, 'দ্বিতীয় লাল কার্ডের সিদ্ধান্তটি নিয়ে আলোচনা হতে পারে। মেক্সিকোর খেলোয়াড়ই আমার খেলোয়াড়কে আটকে রাখছিল। রেফারি মাঠে যে পজিশনে ছিলেন, সেখান থেকে যা দেখেছেন আমাদের মেনে নিতেই হবে। তবে আমার মনে হয় লাল কার্ড দেওয়ার মতো এত বড় অপরাধ এটি ছিল না।'
সাধারণত বিশ্বকাপে লাল কার্ড দেখলে খেলোয়াড়রা স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন। তবে ফাউলের ধরন মারাত্মক হলে ফিফার শৃঙ্খলা কমিটি শাস্তির মেয়াদ বাড়াতে পারে।
অবশ্য ফিফা জানিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে দক্ষিণ আফ্রিকা। আজ বৃহস্পতিবার অ্যাটলান্টায় গ্রুপ 'এ'-র দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের সঙ্গে মাঠে নামবে তারা।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স