ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​দেশের ৭৫ কারাগারে মোট বন্দি ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৫:৪৯:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৭:৫২:৩০ অপরাহ্ন
​দেশের ৭৫ কারাগারে মোট বন্দি ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ​ফাইল ছবি
বর্তমানে দেশের ৭৫টি কারাগারে মূল ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দি আটক রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৭ জুন) সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে লিখিতভাবে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী দেশের কারাগারগুলোর বর্তমান পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জনের বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন বন্দি আটক আছে, যা ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ।’

তিনি সুনির্দিষ্ট হিসাব দিয়ে আরও যোগ করেন, ‘পুরুষ ৪৩ হাজার ১০৭ এবং মহিলা ২ হাজার ২৯ জনের ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে পুরুষ ৭৪ হাজার ৩৬ ও মহিলা ২ হাজার ৭৭ জন বন্দি আটক রয়েছে।’

ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি আটক থাকায় কিছু কিছু কারাগারে বন্দিদের আবাসন সমস্যা বিরাজ করছে বলে স্বীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘বন্দি আবাসন সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে এবং কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২, পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ বর্তমানে দ্রুত গতিতে চলমান রয়েছে।

উল্লিখিত চারটি কারাগারের নির্মাণ ও পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হলে বন্দি ধারণক্ষমতা আরো ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পাবে এবং তখন সর্বমোট ধারণক্ষমতা ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।

এ ছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি এবং খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে; যা বাস্তবায়িত হলে বন্দি ধারণক্ষমতা আরো বৃদ্ধি পাবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ