ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রিয়ার জয়, জর্ডানের স্বপ্নভঙ্গ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০১:০৩:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০১:৪৭:২২ অপরাহ্ন
অস্ট্রিয়ার জয়, জর্ডানের স্বপ্নভঙ্গ ​ছবি: সংগৃহীত
বিশ্বকাপে ফেরার ম্যাচটি জয় দিয়ে রাঙিয়ে রাখল অস্ট্রিয়া। অভিষেকে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি জর্ডান।

সান ফ্রান্সিসকোয় বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) ‘জে’ গ্রুপের ম্যাচে অস্ট্রিয়া ৩-১ গোলে হারিয়েছে জর্ডানকে।

প্রথমার্ধে রোমানো শ্মিডের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে আলি ওলওয়ানের গোলে সমতা ফেরায় জর্ডান। পরে ইয়াজান আল আরবের আত্মঘাতী গোলে আবার এগিয়ে যায় অস্ট্রিয়া। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান মার্কো আর্নাতোভিচ।

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই জয় তুলে নেয় অস্ট্রিয়া। তবে স্কোরলাইন যতটা সহজ মনে হচ্ছে, মাঠের লড়াই ছিল তার চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

ধীরগতিতে শুরু হওয়া ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় অস্ট্রিয়া। ডি বক্সের বাইরে থেকে রোমানো শ্মিডের দারুণ বাঁকানো শট দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ায়। জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবু লাইলার কিছুই করার ছিল না।

দুই মিনিট পরই সমতায় ফেরার দারুণ সুযোগ পায় জর্ডান। আলি ওলওয়ানের শক্তিশালী শট গোলরক্ষকের হাতে লেগে ক্রসবার ছুঁয়ে বাইরে চলে যায়।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় জর্ডান। ওলওয়ানের শট পোস্টে লেগে জালে জড়ায়। বিশ্বকাপে এটিই ছিল জর্ডানের ইতিহাসের প্রথম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামেন মার্কো আর্নাতোভিচ। ৬৭তম মিনিটে তিনি বল জালে পাঠালেও ভিএআরের পরামর্শে রেফারি হ্যান্ডবলের কারণে গোল বাতিল করেন।

৭৬তম মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করতে না পারলেও আর্নাতোভিচের পেছনে থাকা জর্ডানের ডিফেন্ডার ইয়াজান আল আরবের মাথা ছুঁয়ে বল জালে ঢুকে যায়। আত্মঘাতী ওই গোলেই আবার এগিয়ে যায় অস্ট্রিয়া।

সমতা ফেরাতে শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা চালায় জর্ডান। তবে অস্ট্রিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা।

উল্টো যোগ করা সময়ের দ্বাদশ মিনিটে ভিএআরের সহায়তায় জর্ডানের আবু জারিকের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় অস্ট্রিয়া। স্পট কিক থেকে নির্ভুল শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্নাতোভিচ।

এই জয়ে ১৯৯০ সালের পর বিশ্বকাপে প্রথম জয় উদযাপন করল অস্ট্রিয়া।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ