ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ০৬:৪২:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ০৬:৪২:৫৬ অপরাহ্ন
​স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন মন্ত্রী ​ছবি: সংগৃহীত
দিনক্ষণ চূড়ান্ত না হলেও বর্ষা মৌসুম শেষে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়েই প্রক্রিয়া শুরু হতে পারে।”

মঙ্গলবার (১৬ জুন) সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ কথা বলেন।

বাজেট থেকে বরাদ্দের ওপর ভিত্তি করে নির্বাচন হবে জানিয়ে ফখরুল ইসলাম বলেন, “নির্বাচনের সময়সূচি ও ধাপ নির্ধারণে বাজেট প্রাপ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হবে।”

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

দেশের সব উপজেলা পরিষদে এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও সংসদে ‍তুলে ধরেন মন্ত্রী।

সরকারদলীয় এমপি মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিদর্শন কক্ষ নির্মাণে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

সংরক্ষিত নারী আসনের এমপি নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। বিপরীতে ঢাকা ওয়াসার দৈনিক উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার।

অত্যাধুনিক রাসায়নিক ব্যবহার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করে পানির মান পরীক্ষা করার কথা তুলে ধরে তিনি বলেন, “ওয়াসা প্রতিদিন মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত করে থাকে।”

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমানের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের কার্যক্রম বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে ভ্যানে করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে এই বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে সিটি করপোরেশনের সঙ্গে চুক্তির আওতায় আনার জন্য কার্যক্রম চলমান রয়েছে। চুক্তিপ্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী সময়ে ছোট ছোট কাভার্ড ভ্যানে পরিবেশসম্মতভাবে ময়লা অপসারণের বিষয়টি বিবেচনা করা হবে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার ভার্সন-২ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন সিস্টেমে অনলাইন পেমেন্ট সিস্টেমের ব্যবস্থা রাখা হবে। নতুন সিস্টেমে ব্লক চেইনের মাধ্যমে কোনো প্রকার তথ্য পরিবর্তন হলে তার লগ জানা যাবে। এ ছাড়া কোন স্তরে তথ্য পরিবর্তন হলো, তা উদ্‌ঘাটন করা সহজ হবে। জন্ম ও মৃত্যুনিবন্ধন সেবা সহজীকরণ ও জনভোগান্তি দূরীকরণের লক্ষ্যে সারা দেশের নিবন্ধক ও নিবন্ধন সহকারীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ