হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন শিবির নেতা জিসান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৬-২০২৬ ০৪:৪৬:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৬-২০২৬ ০৬:১৫:০০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
নিখোঁজ হওয়ার একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (ইনসিটু) ডা. নিশাত সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জিসান আহম্মেদের শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়নের জন্য গঠিত চার সদস্যের মেডিকেল বোর্ড তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে তাকে সুস্থ উল্লেখ করা হয়েছে। বোর্ডের সুপারিশের ভিত্তিতেই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র প্রদান করে।
এর আগে রোববার (১৪ জুন) রাতে হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে। বোর্ডের প্রধান ছিলেন মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হেলালুর রহমান। অন্যান্য সদস্য ছিলেন নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল্লাহ আল হাসান, সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. শাহেদুল ইসলাম এবং অ্যানেস্থেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহিদুর রহমান মজুমদার।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বোর্ড সদস্যরা জিসানের শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে বিস্তারিত মূল্যায়ন শেষে প্রতিবেদন জমা দেন। সেখানে তাকে সুস্থ ঘোষণা করা হলে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১১ জুন রাতে কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় জিসান আহম্মেদ প্রধানকে উদ্ধার করা হয়। পরে তাকে প্রথমে লাকসাম জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর চলমান মামলার প্রক্রিয়া অনুযায়ী জিসান আহম্মেদ প্রধানকে আদালতে হাজির করা হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স