চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে আরও দুই বিষয়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৬-২০২৬ ১২:০০:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৬-২০২৬ ১২:০০:৩১ অপরাহ্ন
ফাইল ছবি
প্রাথমিক শিক্ষায় নতুন মাত্রা যোগ করতে আগামী বছর থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে দুটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে চতুর্থ শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ইসলাম ও নৈতিক শিক্ষা―এই ছয়টি বিষয় পড়ানো হয়। এর সঙ্গে যুক্ত হবে ‘শিল্প ও সংস্কৃতি’ এবং ‘ক্রীড়া’ বিষয়।
প্রাথমিক শিক্ষাক্রমের সদস্য প্রফেসর ড. মো. ইকবাল হায়দার জানান, নতুন বিষয়গুলোর মাধ্যমে শিক্ষার্থীদের সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের সঙ্গে পরিচিত করা হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবির) সদস্য অধ্যাপক মুহাম্মদ আবু নাছের টুকু বলেন, নতুন দুটি বইয়ের প্রতিটির পৃষ্ঠা সংখ্যা ৮০ থেকে ১০০-এর মধ্যে হতে পারে। বই দুটি মুদ্রণ ও বিতরণে শিক্ষার্থীপ্রতি অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৫০ টাকা। দেশে চতুর্থ শ্রেণির প্রায় ৪৪ লাখ শিক্ষার্থী থাকায় নতুন বই ছাপাতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২২ কোটি টাকা।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেই প্রাথমিক স্তরে নতুন দুটি বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া নতুন বিষয়গুলো শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সহায়ক হবে এবং আধুনিক শিক্ষার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগও রয়েছে। শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. আব্দুস সালাম মনে করেন, বর্তমানে থাকা ছয়টি বিষয়ের সঙ্গে আরও দুটি বিষয় যুক্ত হলে শিক্ষার্থীদের ওপর পাঠ্যচাপ বেড়ে যেতে পারে। তাই নতুন বিষয় সংযোজনের ক্ষেত্রে শিক্ষার্থীদের মানসিক ও শিক্ষাগত সক্ষমতার বিষয়টি বিবেচনায় নেয়া জরুরি। তাছাড়া মৌলিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলো ভালোভাবে শেখানোর প্রতি পরামর্শ তার।
এদিকে শুধু চতুর্থ শ্রেণিতেই নয়, মাধ্যমিক স্তরেও নতুন বিষয় চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে দুটি নতুন বিষয় চালুর সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স