ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ডিজেল মজুত করায় দোষী সাব্যস্ত বাংলাদেশি যুবক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৬-০৬-২০২৬ ১১:৫১:৪৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০৬-২০২৬ ১১:৫১:৪৩ পূর্বাহ্ন
মালয়েশিয়ায় ডিজেল মজুত করায় দোষী সাব্যস্ত বাংলাদেশি যুবক ছবি : সংগৃহীত
পুলিশি জামিন নিয়ে গত দুই বছর ধরে পলাতক থাকার পর অবশেষে মালয়েশিয়ার আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন ৪২ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক।

আলতাফ আজিজ কাদের নামের ওই ব্যক্তিকে গত সপ্তাহে পুনরায় গ্রেফতারের পর সোমবার (১৫ জুন) দেশটির আয়ের কেরোহ সেসন্স আদালতে হাজির করা হয়।

বিচারক রাজা নূর আদিলা রাজা মাহিয়ালদিনের সামনে আদালতের দোভাষী অভিযোগনামা পড়ে শোনানোর পর, তিন বছর আগে অনুমোদনহীনভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদের দায়ে নিজের দোষ স্বীকার করেন অভিযুক্ত আলতাফ।

শুনানির সময় তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
 
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ৬ অক্টোবর বিকেল আনুমানিক ৩টার দিকে ক্রুবং শিল্প এলাকার জালান পিকে ২০-এ অবস্থিত একটি নামহীন গুদামে অভিযান চালায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
সেখানে আলতাফ আরও দুই ব্যক্তির সাথে যোগসাজশে মোট ৩৫ হাজার ৬৫৩ লিটার ডিজেল অবৈধভাবে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন।
 
বৈধ খুচরা বা পাইকারি লাইসেন্স ছাড়াই সরকারি এই নিয়ন্ত্রিত পণ্যটি মজুদের কারণে তার বিরুদ্ধে ১৯৬১ সালের সরবরাহ নিয়ন্ত্রণ আইনের (আইন ১২২) ২১ ধারায় অভিযোগ আনা হয়েছে, যা দণ্ডবিধির ৩৪ ধারার সাথে মিলিয়ে একই আইনের ২২(১) ধারা অনুযায়ী একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ।
 
মেলাকা অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের প্রসিকিউশন অফিসার মুহাম্মদ আশরাফ নাশরুদ্দিন এবং নূরহিশাম মো. নূর কর্তৃক পরিচালিত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৯ জুন।
 
ওই দিন মামলার পূর্ণাঙ্গ তথ্য ও চূড়ান্ত সাজা ঘোষণা করা হবে। উল্লেখ্য, মালয়েশিয়ার আইন অনুযায়ী এই অপরাধে প্রথমবার দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ লাখ রিঙ্গিত জরিমানা, তিন বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ