ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল-মরক্কো দ্বৈরথে জয়ের দেখা পেল না কেউ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ০৭:৫৮:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ০৭:৫৯:৩০ পূর্বাহ্ন
ব্রাজিল-মরক্কো দ্বৈরথে জয়ের দেখা পেল না কেউ ​ছবি: সংগৃহীত
বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। শুরুতে পিছিয়ে পড়লেও ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (১৪ জুন) ভোরে গ্রুপ ‘সি’-এর ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে মরক্কো। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল আফ্রিকার দলটি। তবে গ্যাব্রিয়েল মাগালহায়েসের শেষ মুহূর্তের ব্লকে রক্ষা পায় ব্রাজিল।

শুরুর চাপ কাটিয়ে ধীরে ধীরে ম্যাচে ফেরে সেলেসাওরা। ইগর থিয়াগোর সামনে গোলের সুযোগও এসেছিল, কিন্তু তা কাজে লাগাতে পারেননি তিনি। এরপর ২১তম মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে গোল করে মরক্কোকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় ব্রাজিল। অবশেষে ৩২তম মিনিটে বাঁ প্রান্ত থেকে বক্সে ঢুকে দারুণ গতির শটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তার সেই গোলেই ১-১ সমতায় ফেরে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধেও দুই দলই জয়ের জন্য চেষ্টা চালিয়ে যায়। ব্রাজিল বল দখলে এগিয়ে থাকলেও মরক্কোর সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি। অন্যদিকে পাল্টা আক্রমণে মরক্কোও কয়েকবার বিপজ্জনক হয়ে ওঠে, তবে আর গোল আসেনি। শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচ শেষ হয়। ফলে গ্রুপ ‘সি’-তে প্রথম ম্যাচ শেষে এক পয়েন্ট করে পেল দুই দলই।

এই ড্রয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের ৯২ বছরের পুরোনো একটি পরিসংখ্যানও অপরিবর্তিত থাকল। ১৯৩৪ সালের পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা আর হারেনি। অন্যদিকে মরক্কোও সবশেষ সাতটি বিশ্বকাপের কোনোটিতেই উদ্বোধনী ম্যাচ জিততে পারল না।

বাংলা স্কুপ /ডেস্ক / এইচবি/ এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ