যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
১২-০৬-২০২৬ ০৩:১৫:২১ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৬-২০২৬ ০৩:১৫:২১ অপরাহ্ন
ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে যে দাবি করেছেন তা সত্য নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ বিষয়ে দাবি করেছেন, ইরান এখনো কোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে ইরানের রাষ্ট্রায়ত্ত নিউজ চ্যানেলে সরাসরি টেলিফোন কলে ইসমাইল বাঘাই এ কথা জানান। তিনি বলেন, চুক্তির খসড়ার বেশির ভাগ অংশ এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে। নতুন নতুন অনুরোধ যোগ করছে। পাকিস্তানের পাশাপাশি কাতার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চুক্তির নথিপত্র প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিটি সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানও এই চুক্তি চায়, যেমন অন্যরাও চায়। তবে তিনি নিজে সেখানে না থাকলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন। খবর আলজাজিরার।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষর হলেই হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। এই প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ।
এদিকে কাতারের আমির ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছে। কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় উভয় পক্ষ চুক্তির অগ্রগতি ও আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয় নিয়ে কথা বলেছেন।
কাতার জানিয়েছে, তারা এই চুক্তির প্রচেষ্টাকে স্বাগত জানায় এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সমর্থন জানাচ্ছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স