ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় কাউনের বাম্পার ফলনে হাসি নেই কৃষকের মুখে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৬-২০২৬ ০২:৪১:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৬-২০২৬ ০২:৪১:৫০ অপরাহ্ন
বগুড়ায় কাউনের বাম্পার ফলনে  হাসি নেই কৃষকের মুখে ছবি : সংগৃহীত
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় চরাঞ্চলজুড়ে কাউনের (ফসল) বাম্পার ফলন হলেও এ বছর বাজারে দাম কম থাকায় কৃষকের মুখে হাসি নেই। উৎপাদন ভালো হলেও বিক্রয়মূল্য কমে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর কাউন চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৫১৫ হেক্টর জমিতে। তবে বাস্তবে চাষ হয়েছে ১ হাজার ৫২০ হেক্টরে, যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অনুকূল আবহাওয়ায় এবার ফলনও ভালো হয়েছে। গড়ে বিঘাপ্রতি ফলন হয়েছে ৪ থেকে ৫ মণ। ফেব্রুয়ারির দিকে বীজ বপন করে মে মাসে ফসল সংগ্রহ করা হয়। সাধারণত ১০০ থেকে ১২০ দিনের ফসল এটি, যার পরিচর্যা তুলনামূলকভাবে কম লাগে। বর্তমানে বাজারে কাউন বিক্রি হচ্ছে মণপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়।

উপজেলার চর বাটিয়া গ্রামের কৃষক সোনা মিয়া বলেন, এ বছর ১২ বিঘা জমিতে কাউনের আবাদ করেছি। সাধারণত যেসব জমিগুলো আমাদের পতিত থাকার সম্ভাবনা থাকে, সেইসব জমিতে আমরা কাউনের আবাদ করি। এ ফসল চাষে পরিচর্যা খুবই কম, শুধুমাত্র বপন করলেই হয়। সঠিক সময়ে বৃষ্টিপাত হওয়ায় এ বছর গড়ে বিঘাপ্রতি ৫ মণ করে কাউনের ফলন পেয়েছি। তবে বাজারে আশানুরূপ দাম পাচ্ছি না। গত হাটে মাত্র ১২৫০ টাকা মণ কাউন বিক্রি করেছি। কিন্তু গত বছর আমরা কাউন ২০০০ টাকা থেকে শুরু করে ২২০০ টাকা মণ পর্যন্ত বিক্রি করেছি। বিঘাপ্রতি উৎপাদন অনুযায়ী বাজারে প্রতিমণ কাউন ৩ হাজার টাকার বেশি হলে আমরা এ ফসলের চাষ করে লাভবান হতে পারবো।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বর্তমানে কাউন পাখির খাদ্য হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে কাউনের পায়েস, খিচুড়ি, পোলাও এবং পিঠা খুবই সুস্বাদু। সাধারণত আদিকালে কৃষকরা কাউনের ভাত খেত। কাউন অত্যন্ত পুষ্টিকর। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রণ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। 

তিনি আরও বলেন, ভিটামিন ও খনিজে ভরপুর এই চাল দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে দারুণ কার্যকর। কাউন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সহায়তা করে, হজমে সহায়তা ও কোষ্ঠকাঠিন্য দূর করে, এটি হৃদরোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পর্যাপ্ত ক্যালসিয়াম ও খনিজ থাকায় এটি হাড় মজবুত করতে এবং প্রোটিন শরীরের পেশি গঠনে সহায়তা করে। কাউনে থাকা ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ত্বককে সতেজ ও মসৃণ রাখতে সাহায্য করে। 
  
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ