প্রকৌশলীদের জন্য নিরাপদ কর্মপরিবেশের দাবি এ্যাবের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০৬-২০২৬ ০৬:৪১:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৬-২০২৬ ০৬:৪১:৫৪ অপরাহ্ন
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চট্টগ্রাম কম্পিউটার সেন্টারের সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর দায়িত্ব পালনকালে শারীরিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)। এ্যাব বলছে, এ ধরনের ঘটনা সামগ্রিকভাবে প্রকৌশলীদের পেশাগত পরিবেশ ও শৃঙ্খলার জন্য উদ্বেগের বিষয়।
বুধবার (১০ জুন) এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। মঙ্গলবার (৯ জুন) সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর ওই হামলার ঘটনা ঘটে।
এ্যাবের বিবৃতিতে বলা হয়, দায়িত্ব পালনরত একজন প্রকৌশলীর ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়, অনভিপ্রেত এবং অগ্রহণযোগ্য। কর্মক্ষেত্রে প্রকৌশলীদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা একটি সুশাসিত ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থার অপরিহার্য শর্ত। এ ধরনের ঘটনা কেবল একজন প্রকৌশলীর ব্যক্তিগত নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং সামগ্রিকভাবে প্রকৌশলীদের পেশাগত পরিবেশ ও শৃঙ্খলার জন্যও উদ্বেগের বিষয়।
এ্যাব বিশ্বাস করে যে, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য প্রকৌশলীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে বিবৃতিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
দেশের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত প্রকৌশলীদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত স্বাধীনতা সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য ভবিষ্যতে আরও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে সতর্ক করে দেয় এ্যাব।
বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপে দাবি জানিয়েছে এ্যাব।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স