শাহজালালে কোটি টাকার সোনাসহ ছয়জন আটক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০৬-২০২৬ ০৪:০৭:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৬-২০২৬ ০৪:০৭:২৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
চোরাচালানের অভিযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ছয় জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটক ব্যক্তিরা ‘চোরাচালান চক্রের সদস্য’ বলে জানিয়ে এপিবিএনের সদস্যরা বলছে, তারা এই চক্রের ‘রিসিভার’’হিসেবে কাজ করতেন।
আটকরা হলেন-মো. মনির হোসেন (৩২), কাজী মাসুদ (২৩), সাইদুল ইসলাম (২৬), ইলিয়াছ খাঁন (৩৩), সাব্বির মিয়া (২২) এবং মো. কামাল হোসেন (৪৪)।
বৃহস্পতিবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে এপিবিএন বলেছে, ভোর সাড়ে ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সরকারি খোলা পার্কিং এলাকার দক্ষিণ পাশে আটক ব্যক্তিরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা একটি মাইক্রোবাসে করে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএনের সদস্যরা তাদের আটক করে। পরে তাদের এয়ারপোর্ট এপিবিএনের কার্যালয়ে নিয়ে শরীর তল্লাশি করা হলে ৫৯৭ দশমিক ৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতিটি স্বর্ণালংকার ২২ ক্যারেট মানের। যার আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ৪২ হাজার ১৪০ টাকা।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এপিবিএন জানতে পেরেছে, এসব স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশে বাংলাদেশে আনা হয়েছে।
‘আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রিসিভার হিসেবে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত।’
আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট এপিবিএন।
সংস্থাটির পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে। স্বর্ণ ও মাদক চোরাচালানসহ সকল ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দরকে ব্যবহার করে সংঘটিত যেকোনো চোরাচালান কার্যক্রম প্রতিরোধে আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স