ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ইরানে আবারও মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১২:৪৪:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১২:৪৪:৩৬ অপরাহ্ন
​ইরানে আবারও মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধ ​ছবি: সংগৃহীত
ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কঠিন’ হামলার হুমকির পরই বন্দর আব্বাসসহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দিয়েছে ইরান। সামরিক সূত্রের বরাতে ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। এ নির্দেশ লঙ্ঘন করলে নৌযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বলা হয়েছে, ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে একযোগে প্রতিরক্ষামূলক অভিযান শুরু করা হয়েছে।

সেন্টকম আরও জানায়, ইরানের অযাচিত ও অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় এসব হামলা চালানো হয়। তবে ইরানের ঠিক কোথায় হামলা চালানো হয়েছে, তা সুস্পষ্ট করে জানানো হয়নি।

ইরানের সংবাদমাধ্যমের খবর, বন্দরনগরী বন্দর আব্বাসে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কাশেম দ্বীপ, গোরগান, সিরিক ও মিনাবের দক্ষিণের শহরে বিস্ফোরণ ঘটেছে। ইরানের সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে কর্তৃপক্ষ।

এসব হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে ইরানে ‘কঠোর’ আঘাত হানার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে দুপক্ষ পাল্টাপাল্টি হামলা চালানোর পর বুধবার (১০ জুন) এ ঘোষণা দেন তিনি।

ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা গতকাল তাদের ওপর কঠোর আঘাত হেনেছি এবং আজকেও তাদের ওপর কঠোর আঘাত হানতে যাচ্ছি।’ ইরানের প্রতি চুক্তিতে সই করারও আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

একই সুরে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও। বুধবার তিনি বলেন, আজ রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বেশ ব্যস্ত থাকবে। কারন, ইরানে কঠিন হামলার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমরা তা করবোও।

ট্রাম্পের এ ঘোষণার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্সে এক পোস্টে বলেছেন, যে কোনো চাপ বা হুমকির বিরুদ্ধে ইরান কঠোরভাবে দাঁড়াবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে জোরদার হয় গত মঙ্গলবার। হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর মঙ্গলবার রাতে মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন নিশানায় বিমান হামলা চালায়। জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

পাল্টাপাল্টি হামলার পর বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চুক্তির দর-কষাকষিতে ইরান সময় ক্ষেপণ করছে। এ জন্য দেশটিকে মূল্য দিতে হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে অভিযোগ করে ইরানের পক্ষ থেকে বলা হয়, তারা ওয়াশিংটনের সঙ্গে ‘কূটনৈতিক যোগাযোগ’ পুনর্মূল্যায়ন করবে।

নতুন করে এই উত্তেজনার মধ্যেও ওয়াশিংটন ও তেহরানকে আলোচনায় ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে বুধবার কাতারের একটি প্রতিনিধিদল ইরানের রাজধানী তেহরানে গেছে।

সূত্র : বিবিসি

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ