ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ০২:৫৮:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ০২:৫৮:২২ অপরাহ্ন
যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা ফাইল ছবি
যশোরের মনিরামপুরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক রাজমিস্ত্রিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েক যুবকের বিরুদ্ধে। সোমবার (৮ জুন) রাতে উপজেলার স্মরণপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমামুল হোসেন (৫০) যশোরের ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানিয়েছে, ইমামুল হোসেনের নাতনিকে কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করায় সোমবার রাতে যুবকদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এর জের ধরে ঘটনার দিন রাতে বাড়ি থেকে কয়েক গজ দূরে বিদ্যালয়ের সামনে ইমামুল ইজিবাইক থেকে নামার সঙ্গে সঙ্গে সিরাজুল ইসলামের নেতৃত্বে একই এলাকার রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বিসহ কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র, দা ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেন।

এরপর ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে মধ্যরাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মনিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ বলেন, ‘খবর পেয়ে মনিরামপুর থানা ও ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এই ঘটনায় মঙ্গলবার (৯ জুন) নিহতের স্ত্রী রেশমা খাতুন ১১ জনকে আসামি করে মামলা করেছে। ইতোমধ্যে হোসাইন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ