ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১২:২০:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১২:২০:৩৬ অপরাহ্ন
​রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার ​ছবি: সংগৃহীত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাহমিনা আখতার।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক তাহমিনা আখতারকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটবে, ততদিন তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামাঙ্কিত বাংলাদেশের ৪০তম সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়। কবিগুরুর স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। উচ্চশিক্ষার প্রসার এবং রবীন্দ্রনাথের জীবন ও দর্শন নিয়ে গবেষণার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করা হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ