ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ব্রাজিল শিবিরে স্বস্তি, চোট থেকে সেরে উঠছেন নেইমার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৯-০৬-২০২৬ ১২:১৫:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৬-২০২৬ ১২:১৫:৩০ অপরাহ্ন
​ব্রাজিল শিবিরে স্বস্তি, চোট থেকে সেরে উঠছেন নেইমার ​ছবি: সংগৃহীত
বিশ্বকাপের পর্দা ওঠার দুদিন আগে স্বস্তি খবর পাওয়া গেল ব্রাজিল শিবিরে। দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের সর্বশেষ মেডিকেল রিপোর্ট নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেলেসাওদের কনফেডারেশন জানিয়েছে, চোট থেকে সেরে ওঠার পথে তিনি ‘প্রত্যাশিত অগ্রগতি’ দেখাচ্ছেন।

গত মাসে করা স্ক্যানে নেইমারের পায়ের পেশিতে (ক্যাফ) গ্রেড-২ মাংসপেশির ছিঁড়ে যাওয়ার (মাসল টিয়ার) সমস্যা ধরা পড়ে। সে সময় ধারণা করা হয়েছিল, তাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

সোমবার (৮ জুন) নতুন করে এমআরআই স্ক্যান করানো হলে চিকিৎসকরা তার পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতির প্রমাণ পান। এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিবিএফ জানায়, ‘পরীক্ষায় তার চিকিৎসা প্রক্রিয়ায় প্রত্যাশিত মান অনুযায়ী ভালো উন্নতি দেখা গেছে। জাতীয় দলের মেডিকেল স্টাফের পরিকল্পনা অনুযায়ী তিনি পুনর্বাসন ও শারীরিক প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাবেন।’

চোটের কারণে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার ইতোমধ্যে দলের দুটি প্রস্তুতি ম্যাচ মিস করেছেন। তার অনুপস্থিতিতেও অবশ্য পানামার বিপক্ষে ৬-২ আর মিশরের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে সেলেসাওরা। তবে আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম গ্রুপ ম্যাচে তার খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও আশাবাদী দলের চিকিৎসকরা।

নেইমারের চোট অবশ্য নতুন কিছু নয়। সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক চোটে ভুগছেন এ তারকা। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ও মেনিস্কাসে গুরুতর চোট পান তিনি। এরপর আল হিলালে কাটানো সময়টাও নানা ইনজুরিতে বাধাগ্রস্ত হয়। ২০২৫ সালের শুরুতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এলেও ২০২৬ সালেও তাকে বেশ কয়েকবার চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে।তাতে ৩৪ বছর বয়সী এ ফুটবলারের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও সংশয় তৈরি হয়েছিল। যদিও শেষমেশ তাকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েছেন। এবার তিনি ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন।

নতুন কোচে আনচেলত্তির অধীনে আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। এরপর ২০ জুন হাইতি আর ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা। তার আগে নেইমারের দ্রুত সুস্থতার খবর নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে ব্রাজিল শিবিরে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ