তিন ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই: রামিসার বাবা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০৬-২০২৬ ০১:৫৭:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০৬-২০২৬ ০৪:৫৩:০১ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
তিন ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন রাজধানীর মিরপুরে ধর্ষণের পর হত্যার শিকার আট বছরের শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা।
তিনি বলেছেন, ‘এক ফ্ল্যাটের এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব মাত্র তিন ফুট। এই তিন ফুটের মধ্যেও যদি আমরা একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে শুধু সরকারকে দায়ী করলে হবে না। পরিবার, প্রতিবেশী ও সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। তা না হলে আরও হাজার হাজার রামিসা এমন নৃশংসতার শিকার হতে পারে।’
শনিবার (৬ জুন) রাজধানীতে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল কর্তৃক বাংলাদেশ শিশু নির্যাতন বৃদ্ধি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে অশ্রুসজল চোখে এ আকুতি জানান তিনি।
আব্দুল হান্নান মোল্লা বলেন, ‘সন্তান যদি সমাজের এমন নৃশংসতার শিকার হয়, তাহলে এর দায় শুধু পরিবারের নয়; সমাজ ও রাষ্ট্রকেও এর জবাবদিহি করতে হবে। আমি আমার রামিসা হত্যার সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি এবং সেই শাস্তি যেন দ্রুত কার্যকর হয়, সেটাই আমি দেখতে চাই।’
এদিকে শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণার জন্য রোববার (৭ জুন) দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের এই দিন নির্ধারণ করেন।
যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, সাক্ষীরা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। ফলে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে রাষ্ট্রপক্ষ।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স