ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ১১:১০:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ১১:১০:৩৬ পূর্বাহ্ন
কুড়িগ্রামে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ ফাইল ছবি
কুড়িগ্রামের রাজারহাটে মাছবাহী পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৬ জুন) সকালে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার সঙ্গে সঙ্গে মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।  

নিহত দুলু মিয়া (২৮) কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার সিদ্দিক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে একটি মোটরসাইকেলে দুজন আরোহী রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে রাজারহাটগামী একটি মাছবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

অপর আহত ব্যক্তিকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ