মেহেরপুরে টায়ার চুরির সময় গণপিটুনিতে নিহত ১
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০২-০৬-২০২৬ ০২:৫৪:০০ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৬-২০২৬ ০২:৫৪:০০ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় টায়ার চুরির সময় স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) ভোরে বামন্দী বাসস্ট্যান্ডের খোকন এন্টারপ্রাইজ নামের একটি টায়ারের দোকানে চুরি করতে এসে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে পাঁচ সদস্যের একটি চোরচক্র দোকানটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা তিন জোড়া ট্রাকের টায়ার একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দোকান মালিকপক্ষ ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয়। ধাওয়ার মুখে চারজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন স্থানীয়দের হাতে আটক হন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খোকন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাসানুজ্জামান বাদল হোসেনের ছোট ভাই তুষার হোসেন জানান, তিনি রাতে দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ভোর আনুমানিক ৫টার দিকে শব্দ পেয়ে তার ঘুম ভেঙে যায়। পরে সিসিটিভি ক্যামেরায় দেখতে পান, একটি নীল রঙের পিকআপ ভ্যানে দোকানের টায়ার তোলা হচ্ছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় একজনকে আটক করা হয়, যিনি পরে গণপিটুনির শিকার হন।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং পলাতক চোরচক্রের সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স