ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১১:১০:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০২-০৬-২০২৬ ১১:১০:১২ পূর্বাহ্ন
৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি
ইতালির দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বিস্তীর্ণ এলাকা। দেশটির কালাব্রিয়া অঞ্চলের উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইতালির দক্ষিণাঞ্চলের উপকূলের কাছে সোমবার (১ জুন) গভীর রাতে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৪৭ কিলোমিটার (১৫৩ মাইল) গভীরে। এটি কালাব্রিয়া অঞ্চলের কোসেনজা শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার (২৩ মাইল) দূরে আঘাত হানে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে ফক্স ওয়েদারের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২ জুন) ভোরের দিকে দক্ষিণ ইতালির বাসিন্দারা এই ভূমিকম্পের কম্পন অনুভব করেন। ইউএসজিএস জানায়, ইতালির সারাসেনা শহরের প্রায় ১০ মাইল দক্ষিণ-পশ্চিমে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ১২টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫৩ মাইলের বেশি এবং এটি কালাব্রিয়ার কোসেনজা শহর থেকে প্রায় ২৩ মাইল দূরে ছিল।

ইউএসজিএসের তথ্যমতে, মডিফায়েড মারকেলি ইনটেনসিটি স্কেলে ভূমিকম্পটির প্রাথমিক তীব্রতা ছিল ৪ মাত্রার। এই মাত্রার কম্পনকে তুলনামূলকভাবে হালকা ধরা হলেও ঘরের ভেতরে থাকা অনেক মানুষ তা অনুভব করতে পারেন এবং ঘুমন্ত অনেক মানুষের ঘুম ভেঙে যেতে পারে।

এ ধরনের কম্পনে বাসাবাড়ির থালা-বাসন, জানালা ও দরজা কেঁপে উঠতে পারে। দেয়াল থেকে খটখট শব্দও শোনা যেতে পারে। পার্ক করে রাখা যানবাহনও দুলে উঠতে পারে। তবে খোলা জায়গায় থাকা অনেক মানুষ হয়তো কম্পনটি অনুভব নাও করতে পারেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার ঘটনা পাওয়া যায়নি। এলাকাটিতে পরবর্তী কোনও ভূকম্পন ঘটে কি না, তা পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

অবশ্য ইতালিতে ভূমিকম্প নতুন কোনও ঘটনা নয়। আন্ডারস্ট্যান্ডিং ইতালি ডট কম-এর তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প হয়ে থাকে। কখনও তা হালকা কম্পন, আবার কখনও শক্তিশালী ভূমিকম্পে রূপ নেয়।

গত মাসেও ইতালির বাকোলি এলাকায় ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। এদিকে জুন মাস থেকে ইতালিতে গ্রীষ্মকালীন পর্যটন মৌসুম শুরু হয় এবং এ সময় দেশটিতে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন   

 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ