ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬ , ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

রণক্ষেত্র মতিঝিল: সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৬-২০২৬ ১২:৩৩:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৩:৪৬:৪৩ অপরাহ্ন
রণক্ষেত্র মতিঝিল:  সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ ফোকাস বাংলা নিউজ
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহার এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। এতে কয়েকজন গ্রাহক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্র মারফত জানা যায়, সকাল থেকেই ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে থাকেন আন্দোলনকারী গ্রাহকরা। পরে সাড়ে ৯টার দিকে তারা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। একপর্যায়ে তারা ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সেখান থেকে সরে যেতে বলে।

এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। পুলিশের এই কঠোর পদক্ষেপে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

আন্দোলনকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন, কিন্তু পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর চড়াও হয়েছে। তাদের দাবি অনুযায়ী, পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে বেশ কয়েকজন গ্রাহক আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত একজনকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়টি তারা মেনে নিতে পারছেন না। তাদের আশঙ্কা, এই নিয়োগের ফলে অতীতে ব্যাংকটিতে যেসব অনিয়ম ও বিতর্কের ঘটনা ঘটেছিল, তার পুনরাবৃত্তি হতে পারে। এই উদ্বেগ থেকেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন।

সংঘর্ষের পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যাংকপাড়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশি অভিযানের পর আন্দোলনকারীদের একটি অংশ পুনরায় ব্যাংকের আশপাশের এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের সরিয়ে দেয়।

এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ