ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৩:০৮:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৫:১৬:০৭ অপরাহ্ন
নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী ছবি : সংগৃহীত
নেত্রকোনায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা মা ও তার দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত দুই মেয়ের বাবা আইনুল হকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম।

নিহতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা আহত আইনুল হকের (৬০) স্ত্রী নুরজাহান (৫০), তার দুই মেয়ে স্মৃতি আক্তার (১৮) ও ইতি (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নুরজাহান পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশাযোগে বাবার বাড়ি চল্লিশায় যাচ্ছিলেন। পথে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি লোকাল বাস চল্লিশা বাইপাস মোড়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরজাহান, তার এক মেয়ে স্মৃতি আক্তার নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত নুরজাহানের স্বামী আইনুল হক, অটোরিকশাচালক রেহান মিয়াসহ আরও কয়েকজন। তাদের মধ্যে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে চল্লিশা বাইপাস মোড়ে গোলচত্বর ও স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ