ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে চায় সরকার: নৌ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ১২:৫৮:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৩:১৪:৫১ অপরাহ্ন
নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে চায় সরকার: নৌ প্রতিমন্ত্রী ছবি : সংগৃহীত
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, এবারের ঈদে নৌপথে যাত্রীসেবায় সরকার সচেষ্ট ছিল। তাই নিরাপদে যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। রোববার সকালে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি আরও জানান, ঈদ পরবর্তীতে শুধু চাঁদপুর নয়, দেশের সব নদীবন্দর পরিদর্শন করবেন তিনি। এসময় নদীর নাব্যতা বজায় রাখতে নৌচ্যানেল খনন করে নৌপথ সচল করতে আগের সেই ঐতিহ্য ফিরিয়ে নেওয়ার কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া স্টিমার সার্ভিস নতুন করে চালু করা যায় কি না, তাও ভেবে দেখছে সরকার। তবে শতবছরের পুরনো স্টিমার মেরামত করে ভালো ফলাফল পাওয়া যাবে কি না, এটা নিয়ে সংশয় প্রকাশ করেন প্রতিমন্ত্রী। 

তিনি আরও বলেন, আগে যাত্রীসেবারমান বাড়াতে হবে। তাহলে সড়ক ও রেল পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারবে যাত্রীসেবায় নৌপরিবহন। এসময় ঠিকাদারের অবহেলায় বন্ধ হয়ে যাওয়া চাঁদপুর লঞ্চ টার্মিনালের অসমাপ্ত নির্মাণ কাজ নতুন করে আবারও শুরু করার আশ্বাস দেন তিনি। অল্প সময়ের মধ্যে পুনঃদরপত্র আহ্বান করা হবে বলেও জানান রাজীব আহসান। 

এসময় কালবৈশাখী ঝড়ে চাঁদপুর লঞ্চ টার্মিনালের ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা দ্রুত সময়ের মধ্যে মেরামত করার নির্দেশ দেন তিনি। 

এসময় তার সঙ্গে ছিলেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, বিআইডব্লিউটিএ’র (সদস্য প্রকৌশল) রকিবুল ইসলাম, পরিচালক (নিরীক্ষা) গোলাম ফারুক চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতিকুল ইসলাম, চাঁদপুর বন্দর কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, উপপরিচালক (ট্রাফিক) বাবুলাল বৈদ্য প্রমুখ। 

এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান চাঁদপুরে পৌঁছালে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা স্বাগত জানান।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ