ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি: ইরান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ১২:৪২:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ১২:৪৪:০৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি: ইরান ​ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চললেও এখনো কোনো সমঝোতা চূড়ান্ত হয়নি।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত অবশ্যই ইরান ও ওমান-এর মাধ্যমে নির্ধারিত হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সম্ভাব্য চুক্তি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নিতে পারেন বলে ইঙ্গিত দেওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান স্পষ্ট করে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ইসমাইল বাঘাই বলেন, সমঝোতার বিষয়ে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যায়নি।

এদিকে, তেহরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে কোনো বিদেশি শক্তি ‘মাস্ট’ (অবশ্যই) শব্দ ব্যবহার করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বাঘাই বলেন, ইসলামি প্রজাতন্ত্রের বর্তমান ইরান শাহ আমলের ইরান থেকে সম্পূর্ণ ভিন্ন। গত ৪৭ বছরে কোনো বিদেশি শক্তি—তা প্রাচ্যের হোক বা পাশ্চাত্যের—ইরানের সঙ্গে আলোচনায় ‘মাস্ট’ শব্দটি ব্যবহার করতে পারেনি।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে সম্ভাব্য কোনো চুক্তির অংশ হিসেবে ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে হবে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইঙ্গিতের বিষয়ে বাঘাই বলেন, বর্তমানে তেহরানের প্রধান লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো। তিনি জানান, এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য যুদ্ধ শেষ করা। পারমাণবিক ইস্যু নিয়ে কোনো আলোচনা হচ্ছে না।  

বাংলা স্কুপ/ডেস্ক /এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ