ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৪-০৫-২০২৬ ০৬:৪৩:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৫-২০২৬ ০৬:৪৩:৪৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন পর জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র ‘মাসুদ রানা’ ফিরছে রূপালি পর্দায়। ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রযোজকদের দাবি, এবারের ঈদের অন্যতম বড় আকর্ষণ হবে ‘মাসুদ রানা’।
সিনেমাটির মুক্তি উপলক্ষে রোববার দুপুরে চ্যানেল আইয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “আমরা সেই সত্তর দশকে জেমস বন্ড এবং মাসুদ রানা সমানতালে পড়তাম ও দেখতাম। নব্বই দশকের তরুণ প্রজন্মও কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ পড়েছে বলে আমি বিশ্বাস করি। এবার দর্শকরা সেই মাসুদ রানাকে সিনেমা হলে দেখতে পাবেন। দর্শকদের প্রত্যাশা থাকবে অনেক বেশি। ‘মাসুদ রানা’ দর্শকদের কাছে উপভোগ্য সিনেমা হোক, এটাই প্রত্যাশা রাখব।”
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও প্রযোজক আবদুল আজিজ বলেন, “এই গল্পের বাজেট এত বেশি যে এককভাবে সামলানো কঠিন ছিল। এজন্য ইমপ্রেস টেলিফিল্ম সহযোগিতা করেছে। প্রায় পাঁচ বছর অপেক্ষার পর অবশেষে ‘মাসুদ রানা’ পর্দায় আসছে। ইতোমধ্যে সেন্সর সম্পন্ন হয়েছে। সেন্সর থেকে ভূয়সী প্রশংসাও এসেছে। তবে আমি বলব, এবারের ঈদে সেরা সিনেমা হচ্ছে ‘মাসুদ রানা’।”
ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। কিছু দৃশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিযোগ উঠলেও তা নাকচ করেছেন প্রযোজক আবদুল আজিজ।
তিনি বলেন, “মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি। প্রতিটি দৃশ্যেই তিনি অভিনয় করেছেন। তবে কিছু ইফেক্টে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে, এটা সত্য। এখানেৃ ভিএফএক্সের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় করা হয়েছে। পরিষ্কার করে জানাচ্ছি, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এ সিনেমার কোনো চরিত্র তৈরি করা হয়নি।”
‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা, যিনি চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘কে হবেন মাসুদ রানা’র বিজয়ী ছিলেন।
রাসেল রানা বলেন, “বইয়ের পাতায় আছে পদে পদে মৃত্যুর হাতছানি, এই সিনেমার চূড়ান্ত হওয়ার পর থেকে আমার মধ্যেও ছিল পদে পদে থেমে যাওয়ার আশঙ্কা। করোনা, সেনাবাহিনীর অনুমতি—সবকিছু মিলিয়ে দীর্ঘ সময় দিতে হয়েছে। অবশেষে ঈদে সিনেমাটি আসছে, বাকিটা দর্শকরা বিচার করবেন।”
সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা সাইকত নাসির। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, ‘মাসুদ রানা’ হচ্ছে বাংলাদেশের জেমস বন্ড। তাই তাকে পর্দায় আনার জন্য প্রযুক্তিগত দিক থেকে যা যা প্রয়োজন, আমরা তা করেছি। আগের ‘মাসুদ রানা’ থেকে আমি কোনোভাবেই অনুপ্রাণিত নই। আমরা চাই, দর্শকরা ঈদে সিনেমাটি দেখুক।”
ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে ‘সোহানা’ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। ‘অবন্তী’ চরিত্রে অভিনয় করেছেন সায়েদা তিথি আমনি। সিনেমাটির প্রধান তিন চরিত্রেই দেখা যাবে নতুন মুখ।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স