৩০ মিনিটের বৃষ্টিতে ডুবল পর্যটন নগরী কক্সবাজার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৫-২০২৬ ০৩:৫৪:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৫-২০২৬ ০৩:৫৪:০৬ অপরাহ্ন
ছবি : সংগৃহীত
মাত্র আধঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার। হঠাৎ তৈরি হওয়া এই জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন ঘুরতে আসা পর্যটকসহ স্থানীয় বাসিন্দারা।
রোববার (২৪ মে) রাত একটার কিছু পর বজ্রপাতসহ শহরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। টানা প্রায় ৩০ মিনিটের এই বর্ষণেই পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় কলাতলী এলাকাসহ শহরের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট হাঁটু সমান পানিতে তলিয়ে যায়।
কলাতলীর হোটেল-মোটেল জোন সড়কের কুটুমবাড়ি রেস্টুরেন্ট সংলগ্ন এলাকার চিত্র বলছে, সড়কে জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। এমনকি শহরের ব্যস্ততম কটেজ জোনেও পানি জমে রয়েছে।
ক্ষতিগ্রস্ত নোহা চালক মোহাম্মদ হুমায়ুন জানান, ‘সামান্য বৃষ্টিতে রাস্তা ডুবে গেছে, ইঞ্জিনে পানি ঢুকে আমার গাড়ির ক্ষতি হয়েছে। এটি একটি পর্যটন নগরী, অল্প বৃষ্টিতে এমন যদি হয় সামনে বর্ষায় কী হবে জানি না।’
কক্সবাজার নাগরিক আন্দোলনের মুখপাত্র এইচ এম নজরুল ইসলাম বলেন, ‘অপরিকল্পিত নগরায়ণের কারণে কক্সবাজারের পর্যটন শিল্প হুমকির মুখে। সামান্য বৃষ্টি হলেও বোঝা যায় এই শহর কতটা নাজুক। টেকসই পরিকল্পনার মাধ্যমে পর্যটনের স্বার্থে শহরকে সুরক্ষিত ও নাগরিকবান্ধব করতে সরকারকে মনোযোগী হতে হবে।’
এদিকে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিন কক্সবাজার ও আশপাশের এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স