ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের দিকে ধেয়ে আসছে বিশাল ‌‘মেঘমালা’

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ১০:৫৬:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ১১:৩৪:৩৯ পূর্বাহ্ন
ভারতের দিকে ধেয়ে আসছে বিশাল ‌‘মেঘমালা’
তীব্র তাপপ্রবাহে পুড়তে থাকা ভারতের জন্য এক বড় স্বস্তির খবর দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি)। শুক্রবার (২২ মে) প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা গেছে, আরব সাগর ও বঙ্গোপসাগরের ওপর দ্রুত বিশাল মৌসুমি মেঘমালা তৈরি হচ্ছে এবং তা ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসছে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে এবং তা নির্ধারিত সময়ের আগেই কেরালায় পৌঁছে যেতে পারে।

আইএমডির ইনস্যাট-থ্রিডিএস থার্মাল ইনফ্রারেড উপগ্রহ চিত্রে দেখা গেছে, দক্ষিণ আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের পূর্বাংশের বিশাল এলাকাজুড়ে ঘন মেঘের স্তর তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণ শ্রীলঙ্কা এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরের ওপর মেঘের তীব্র ঘনঘটা দেখা যাচ্ছে, যা কেরালায় মৌসুমি বায়ু প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থলভাগের চরম উত্তাপের কারণে ভারত মহাসাগর থেকে আর্দ্রতাযুক্ত বাতাস মহাদেশের দিকে আর্দ্র মেঘকে টেনে আনছে।

আবহাওয়াবিদদের মতে, বায়ুমণ্ডলে বজ্রঝড়ের মেঘ যেভাবে দ্রুত ওপরে উঠছে, তা ব্যাপক মৌসুমি বৃষ্টির আগাম আভাস। এই ধারা বজায় থাকলে এবার নির্দিষ্ট সময়ের আগেই বৃষ্টি নামবে।

বর্তমানে ভারতের উত্তর ও মধ্যাঞ্চল তীব্র তাপ্রবাহের কবলে রয়েছে, যেখানে রাতের তাপমাত্রাও কমছে না। রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং বিদর্ভ অঞ্চলের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। রাজধানী দিল্লিসহ অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে। উত্তর-পশ্চিমী শুষ্ক বাতাস এবং মেঘমুক্ত আকাশের কারণে এই তাপপ্রবাহ আরও ভয়াবহ রূপ নিয়েছে। সেই সঙ্গে বড় শহরগুলোতে পিচ ও কংক্রিটের দালানকোঠার মাঝে গরম বাতাস আটকে পরিস্থিতিকে আরও শ্বাসরুদ্ধকর করে তুলেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন   


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ