ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৬:৪৩:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৬:৪৩:০৩ অপরাহ্ন
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ ছবি: সংগৃহীত
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। এ সময় তার ওপর ডিম নিক্ষেপ করা হয়।

সেখানে হামলাকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর বর্তমানে থানায় অবস্থান করছেন তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে যান। একপর্যায়ে পেছন দিক থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় যুবক আহত হন।

এ ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ করেন। পরে তারা থানায় মামলার জন্য অবস্থান করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

ঘটনার বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলা সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি ঝিনাইদহে এসেছেন শুনে আমি তার সঙ্গে সাক্ষাৎ করে এ ধরনের বক্তব্য না দেওয়ার অনুরোধ জানাতে গিয়েছিলাম। ওই সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তার ওপর ডিম নিক্ষেপ করে। এই মারামারি বা ডিম নিক্ষেপের ঘটনার সঙ্গে আমাদের (ছাত্রদলের) কোনও সম্পর্ক নেই।’

অন্যদিকে, এ হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ‘আইনমন্ত্রী ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন আমাদের ওপর এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে। তারা পরিকল্পিতভাবে ডিম ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে আমাদের ৩-৪ জন নেতাকর্মীকে আহত করেছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার চাই। একই সঙ্গে আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। খোদ আইনমন্ত্রীর এলাকাতেই যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির এই চরম অবনতি হয়, তবে তার মন্ত্রী থাকার কোনও নৈতিক অধিকার নেই।’

​এ ঘটনার পর ফেসবুকে এনসিপি নেতা সারজিস আলম জানিয়েছেন, ‘কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিতে হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, ঘটনার পরপরই পুলিশ তৎপরতা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ